বিশ্বনাথ বিডি ২৪ || 28 December, 2018, 10:40 AM || জাতীয়
মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করার দশ ঘণ্টা পরেই তা চালু করা হয়েছে। সকালে দ্রুত গতির এই ইন্টারনেট চালুর নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শুক্রবার সকাল আটটা থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা মিলছে। ফলে আগের মতো মোবাইল ফোনেই মিলবে সকল ডিজিটাল সেবা। এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে সবগুলো মোবাইল ফোন অপারেটরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে দ্রুতগতির এই মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ফলে অল্প সময়েই বন্ধ হয়ে যায় এই সেবা। তবে টুজি’র ভয়েস এবং ডেটা সেবা আগের মতোই চালু ছিল।
দেশে বর্তমানে আট কোটি ৬০ লাখের বেশী মোবাইল ইন্টারনেট সংযোগ আছে। যার মধ্যে ছয় কোটি সংযোগের বিপরীতে আছে থ্রিজি সংযোগ। ফলে বিটিআরসি’র সিদ্ধান্তের ফলে বিশাল অংকের এই গ্রাহকরা ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।
গ্রাহকরা জানান, টুজিতে ইন্টারনেট সিগনাল থাকলেও তা দিয়ে ইন্টারনেটে বিশেষ কোনো কাজ করা যাচ্ছিল না।
টুজি ইন্টারনেটে ম্যাসেজ পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব নয়। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে ওঠে।
সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আগে থেকেই মোবাইল ইন্টারনেটের গতি ধীর করার পরিকল্পনা করছিল। তাদেরই নির্দেশনার প্রেক্ষিতে বিটিআরসি বৃহস্পতিবার থ্রিজি-ফোরজি বন্ধ করে দেয়।
ওই রাতে মোবাইল ফোনের ইন্টারনেট গতি কমানো হলেও ব্রডব্যন্ডের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। ফলে ব্রডব্যান্ডের সেবা বা ওয়াইফাইয়ের গতি ছিল স্বাভাবিক।
এদিকে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলোকে জরুরী পরিস্থিতির জন্যে তৈরী থাকতে বলা হয়েছে, যাতে যে কোনো নির্দেশনা দেওয়া মাত্রাই যেন তারা তা কার্যকর করতে পারে।
টেকশহর



