বিস্তারিত
  • আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 October, 2018, 5:52 PM || জাতীয়


    বিশ্বনাথ বিডি ২৪ ::  কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে এই জানাজা হয়।
    এর আগে আইয়ুব বাচ্চুর স্টুডিও এবি কিচেন ভবনের সামনে তার মরদেহ রাখা হয়। শেষবারের মত এই শিল্পীকে দেখতে সেখানে ছুটে আসেন কাউন্সিলরসহ স্থানীয় বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এসময় অনেককেই কাঁদতে দেখা যায়।
    জানাজায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল হোসেন, নাট্যকার সালাহউদ্দিন লাভলু, বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদসহ অনেকে অংশ নেন।
    এর আগে শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ এই জানাজার নামাজে অংশ নেন।
    এদিকে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা আসলে চট্টগ্রামের এনায়েত বাজারে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
    বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ