বিশ্বনাথ বিডি ২৪ || 06 October, 2018, 4:29 PM || জাতীয়
বিশ্বনাথ বিডি ২৪ ডেস্ক :: রাজশাহীতে অস্ত্রসহ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালিবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, সাজ্জাদ হোসেন বড় ধরণের প্রতারক।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন দুর্গাপুর উপজেলার বেলঘোরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম (পিপিএম) জানান, ‘শনিবার বেলা ১১টার দিকে র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাজ্জাদকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করার পর তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।কয়েকটি প্রতারণার ঘটনায় র্যাব অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার শরীর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ২ রাউন্ড গুলি পাওয়া যায়।’
তিনি আরও জানান ‘সাজ্জাদ একজন প্রতারক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব আফছার সিদ্দিকী বিটু, এপিএস সাইফুজ্জামান শেখর এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিচয় দিয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করছিল। ইতোমধ্যেই কয়েক জনের কাছ থেকে সাজ্জাদ বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।’
এছাড়াও রেলওয়েতে সরকারি চাকরি, পুলিশের এসআই পদে নিয়োগ এবং অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দিবে বলেও বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ মন্ত্রী-এমপিদের সঙ্গে সেলফি তুলে সেগুলো দেখিয়ে প্রতারণা করতো সাজ্জাদ।’
এদিকে, গ্রেপ্তার সাজ্জাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার।
তিনি বলেন, ‘সাজ্জাদ যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে-সেটি আমাদের জানা ছিল না। তার এই অপরাধের শাস্তি হিসেবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হবে। এ নিয়ে দ্রুত জেলা ছাত্রলীগ সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগে এমন অপরাধীর কোনো ঠাঁই নাই।’
এই নিউজটি সর্বমোট পঠিত হয়েছে:
১৪৫