বিশ্বনাথ বিডি ২৪ || 12 March, 2026, 10:19 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে আবারো ঈদ উপলক্ষে মেলার আয়োজন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এনিয়ে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। আর সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। ঈদের সময় মেলার আয়োজন বন্ধের দাবিতে এবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন, বিশ্বনাথ পুরানবাজার ও নতুনবাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
গত ৯ মার্চ বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের কাছে বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি হাজী মঈনুর রহমানের যৌথ সাক্ষরিত লিখিত অভিযোগে বলেন, রমজানের মাঝামাঝি সময়ে রামপাশা রোডের সেবা কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা ব্যানারে নিজস্ব উৎপাদিত পণ্য প্রদর্শনীর নামে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন পন্য সামগ্রী বিক্রির আয়োজন করলে, বিশ্বনাথ বণিক কল্যাণ সমিতি ও বিশ্বনাথ পুরান বাজার-নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ প্রশাসনের নিকট প্রদর্শনীর নামে মেলাটি বন্ধের জন্য আবেদন করলে প্রশাসন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীবৃন্দের ক্ষতির কথা বিবেচনা করে মেলাটি বন্ধ ঘোষনা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি।
দুই বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ লিখিত অভিযোগে বলেন যে, তারা বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছেন মেলা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে অনুমতি নিয়ে পুনরায় মেলা পরিচালনা করার পায়তারা চালাচ্ছে। এ কারণে বিশ্বনাথ পুরান বাজার ও বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ীবৃন্দের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বিশ্বনাথে ঈদের সময় মেলার অনুমতি না দেওয়ার জন্য আহবান জানান।



