বিশ্বনাথ বিডি ২৪ || 22 February, 2018, 11:44 AM || জাতীয়
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায়।
সকাল সাড়ে ১০ টার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির কথা ছিল। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে ২ টা পর্যন্ত সময় চাইলে আদালত ১২ টায় সময় দেন।
মঙ্গলবার বিকালে আপিল আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মেনশন (উল্লেখ) করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে আদালত আবেদনটির গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্যের আদেশ দেন।
একইদিন বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১ হাজার ২২৩ পৃষ্ঠার আপিল দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এতে প্রাথমিকভাবে মোট ৪৪টি যুক্তি তুলে ধরা হয়েছে। এছাড়া আপিল আবেদনের ওকালতনামায় খালেদা জিয়ার পক্ষে মোট ২৮জন আইনজীবীর স্বাক্ষর রয়েছে।
প্রসঙ্গত, ৮ ফেব্র“য়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে ৪০৯ ও ১০৯ ধারায় রায় ঘোষণা করেন আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।
ওই রায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদ- দেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়।
সুত্র: শীর্ষনিউজ



