বিশ্বনাথ বিডি ২৪ || 21 February, 2018, 2:30 PM || জাতীয়
‘আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ — ভোলেনি বাঙালি জাতি। একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মত মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। রাত বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর থেকেই শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদাকালো পোশাকে, খালি পায়ে, শিশিরসিক্ত পথ মাড়িয়ে আবালবৃদ্ধবনিতা সবাই সমবেত হতে শুরু করেন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের জন্য। শুধু ঢাকাতেই নয় সারাদেশের স্কুল-কলেজে, জেলা ও থানা প্রশাসনের উদ্যোগে সরকারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দেশের সর্বস্তরের জনগণ। এদিকে, পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহীদ মিনারও আজ সেজে উঠেছে ভবিষ্যত প্রজন্মের কাছ থেকে পাওয়া ফুলেল শ্রদ্ধায়। বাঙালি জাতির জন্য এই দিনটি হচ্ছে চরম শোক ও বেদনার, অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যুগে যুগে বাঙালির মহান মুক্তিযুদ্ধে, স্বাৈরাচারবিরোধী আন্দোলনে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পথ দেখায় ভাষা আন্দোলনের সেই প্রেরণা। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
একুশে ফেব্রুয়ারি জাতীয় ছুটির দিন। এ দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।



