বিশ্বনাথ বিডি ২৪ || 17 November, 2026, 8:20 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: একটি রঙিন স্বপ্নের জাল বুনছিলেন সোনা মিয়া (২৮)। কথা ছিল, অগ্রহায়ণের ১৫ তারিখে ধুমধাম করে নববধূকে নিজের নতুন ঘরে তুলে আনবেন। প্রিয় সঙ্গিনীর আগমন রাঙাতে তিল তিল করে গড়ে তুলেছিলেন ইটের গাঁথুনির নতুন ঘর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! সে ঘরে নববধূকে আর বরণ করা হলো না। তার আগেই সব স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ করে চিরতরে নিভে গেল টগবগে এক যুবকের জীবন প্রদীপ। তুচ্ছ এক বিরোধে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারাতে হলো তাকে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোনা মিয়ার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় মাস আগে নিজ মামাতো বোনের সঙ্গে সোনা মিয়ার আক্দ সম্পন্ন হয়েছিল। নববধূ আপাততঃ ছিলেন নিজের বাবার বাড়িতেই। দিনক্ষণ গুনে প্রস্তুতি চলছিল অগ্রহায়ণের ১৫ তারিখে তাকে আনুষ্ঠানিকভাবে সোনা মিয়ার নতুন ঘরে তুলে নেওয়ার। কিন্তু সেই আনন্দ-উৎসব রূপ নিলো গভীর শোকে।
নিহতের ছোটভাই মো. মাসুম মিয়া অভিযোগ করেন, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে তা থামাতে এগিয়ে যান তার ভাই সোনা মিয়া। এ সময় দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী, হেলেন চক্রবর্তী, যাদব ও কমলেশসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ভাইকে আঘাত করেন। পরে, গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর তার মৃত্যু হয়। তিনি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা দিলারা বেগম। চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় তিনি বলেন, ‘কত আশা আর স্বপ্ন নিয়া আমার ছেলেকে বিয়ে করিয়েছিলাম। ছেলের বউকে ঘরে তোলার আগেই তারা আমার বুকের ধনকে কেড়ে নিলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘সামান্য সড়ক দুর্ঘটনা নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী গং ও পার্শ্ববর্তী মান্দাবাজ গ্রামের রুবেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। রিকশায় করে লাকড়ী নিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। আছরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের খবর শুনে তা থামাতে গিয়ে মাথায় আঘাত পান মান্দাবাজ সোনা মিয়া। পরে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই রাজা মিয়া বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৬



