বিশ্বনাথ বিডি ২৪ || 09 November, 2026, 6:00 PM || খাজান্সী, বিশ্বনাথ
রফিকুল ইসলাম জুবায়ের/তজম্মুল আলী রাজু::- জমে উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা। এখনও সুনির্দিষ্ঠ করে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও থেমে নেই প্রার্থীদের দৌড়ঝাঁপ। এযেন যার বিয়ে তার খবর নেই, কিন্তু পাড়াপড়শীর ঘুম নেই। এপর্যন্ত ৩টি রাজনৈতিক দলের ৯জন প্রার্থী মাঠে রয়েছেন। জামায়াত ও জমিয়ত একক প্রার্থী দিলেও বর্তমান ক্ষমতাশীন দল বিএনপির ৭ জন প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশায় দলীয় নেতাকর্মীর সাথে লবিং করছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন স্থানীয় সকল নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণ করা হবে। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নে বিএনপি একক প্রার্থী দিতে পারে কিনা তা এখন দেখার বিষয়? কিংবা দলীয় একক প্রার্থী ঘোষণা করা হলেও আর কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকেন কিনা তার ওপর নির্বাচনী ফলাফল কোন দলে যাবে সেটি তখন নির্ধারিত হবে। বিগত সময়ে এই ইউনিয়নে জামায়াত এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। এবারও বিএনপির একাধিক প্রার্থী থাকলে সুবিধাজনক অবস্থানে থাকবে জামায়াত। এবারের নির্বাচনী মাঠে থাকা ৯ প্রার্থীর মধ্যে ৭ জন নবীন। বাকী ২ জনের মধ্যে ১ জন ২ বার ও ১ জন একবার নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে ২ জন ইউরোপ প্রবাসী। বাকী ৭ জনের মধ্যে ৩ জন শিক্ষক এবং ৪ জন ব্যবসায়ী।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির হয়ে যারা মাঠে রয়েছেন তারা হলেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পর্তুগাল প্রবাসী তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিক্ষক মাওলানা আবুল বসর মো. ফারুক, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, ব্যবসায়ী এম. কয়েছ মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী কামরুল ইসলাম বাদশা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আব্দুর রব সরকার, যুক্তরাজ্য প্রবাসী, বিএনপি নেতা কাওছার আহমদ, ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা। জামায়াতের একক প্রার্থী খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির ও খাজাঞ্চি মডেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদি ও খাজাঞ্চি ইউনিয়ন জমিয়তে উলামায়ের সভাপতি ও শিক্ষক মাওলানা জামাল উদ্দিন।



