বিশ্বনাথ বিডি ২৪ || 14 December, 2018, 8:56 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪::সিলেট-২ আসনে সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) মুহিবুর রহমান ডাব প্রতিক নিয়ে নির্বাচন করছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে মুহিবুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম. কাজী এমদাদুল ইসলাম।
পরবর্তীতে মুহিবুর রহমান নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে গত ৭ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন ভবন এজলাসে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আপিলেও তার প্রার্থীতা বাতিল করা হয়। ফলে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এরপর সোমবার (১১ ডিসেম্বর) হাইকোর্ট বেঞ্চে রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে মুহিবুর রহমানের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ প্রদান করেন আদালত। এর প্রেক্ষিতে আজ শুক্রবার মুহিবুর রহমানের প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হয় এবং নির্বাচনী মার্কা হিসেবে তিনি ডাব প্রতিক পেয়েছেন।



