বিশ্বনাথ বিডি ২৪ || 24 September, 2026, 8:53 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে এক শারীরিক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সাবেক এক মহিলা মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সমাজসেবা কার্যালয়ে আত্মসাৎ করা টাকা ফেরত দিয়ে এবং ভবিষ্যতে এমন কাজ না করার লিখিত মুচলেকা দিয়ে রেহাই পেয়েছেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ পৌরশহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার আলী তার প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির ১১ হাজার টাকা তুলতে বিশ্বনাথ পৌরশহরের ‘ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার মিনা বেগম। টাকা উত্তোলনের পর প্রক্রিয়াগত বিভিন্ন খরচের অজুহাত দেখিয়ে মিনা বেগম ওই ১১ হাজার টাকা থেকে ৮ হাজার টাকাই নিজের কাছে রেখে দেন এবং প্রতিবন্ধী আনোয়ার আলীর হাতে মাত্র ৩ হাজার টাকা ধরিয়ে দেন। বিষয়টি ব্যাংকে উপস্থিত অন্যদের কাছে সন্দেহজনক মনে হলে এজেন্ট ব্যাংকের ম্যানেজার তাৎক্ষণিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে সমাজসেবা কর্মকর্তা তাৎক্ষণিক তাদেরকে নিজ কার্যালয়ে তলব করেন। সমাজসেবা কার্যালয়ে পৌঁছানোর পর ঘটনার সত্যতা স্বীকার করে লিখিত ক্ষমা প্রার্থনা করেন সাবেক মেম্বার মিনা বেগম।
পরবর্তীতে আত্মসাৎ করা ৮ হাজার টাকা প্রতিবন্ধী আনোয়ার আলীকে ফেরত দেওয়া হয় এবং অনাগত দিনে এ ধরনের কর্মকাণ্ডে আর যুক্ত হবেন না মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও মুচলেকা নিয়ে মিনা বেগমকে রেহাই দেওয়া হয়। ভুক্তভোগী ও অভিযুক্তের নাম উল্লেখ না করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম আজ সমাজসেবা কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ঘটনাটি তুলে ধরে একটি পোস্ট করেন।



