বিশ্বনাথ বিডি ২৪ || 20 November, 2018, 6:52 PM || সিলেট
সিলেট-২ আসনে ২০ দলের মনোনয়ন চান জমিয়তের আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্ধশত দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গত (১৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বিক্রয় উদ্বোধন করেন দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী। জানাগেছে গত তিন দিনে অর্ধশত মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (র) এর ছাহেবযাদা ইউকে জমিয়তের ট্রেজারার আলহাজ্ব হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
সম্প্রতি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জমিয়তের বিভাগীয় সমাবেশে সিলেটের ১৯ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে হাফিজ হোসাইন আহমদকে সিলেট-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর পরে তিনি নির্বাচনী এলাকায় বিভিন্ন সভাসমাবেশ অব্যাহত রাখেন। উল্লেখ্য, সিলেট-২ আসনে জমিয়তের নির্বাচনী ধারাবাহিকতা রয়েছে। ১৯৭০ সালে এ আসন থেকে দলীয় প্রতিক খেজুর গাছ নিয়ে নির্বাচন করেন প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদীস আল্লামা নুর উদ্দীন গহরপুরী(র)। স্বাধীনতা পরবর্তী দুটি জাতীয় নির্বাচনে দলীয় প্রতিক খেজুর গাছ নিয়ে নির্বাচন করেন যথাক্রমে মাওলানা শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী ও মাওলানা আব্দুল মতিন ধনপুরী। তাছাড়া জমিয়তের কেন্দ্রীয় সাবেক দুইজন সভাপতির বাড়ি এ আসনে হওয়ায় এখানকার সর্বজন মান্য আলেমগণ আজো জমিয়তের রাজনীতিতে সক্রিয় আছেন।সিলেট ২ আসনের জনগণের কাছে খেজুর গাছ একটি ঐতিহ্যবাহী প্রতিক। জনগণের হৃদয়ে এই প্রতিকটির বিশেষ আবেদন রয়েছে। জনগণের আবেদন লক্ষ্য করেই জমিয়ত এখানে মানবতার জন্য নিবেদিতপ্রাণ একজন ক্লিন ইমেজের প্রার্থীকে দলীয় ভাবে মনোনিত করেছে। আলহাজ হাফিজ হুসাইন আহমদ সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,এতিমখানা পরিচালনার পাশাপাশি সমাজের দরিদ্র জনগোষ্টির কল্যানের বিগত দুই যুগ ধরে কাজ করে যাচ্ছেন। সমাজ উন্নয়ন মুলক বিভিন্ন প্রকল্পের সাথে তিনি সম্পৃক্ত। বিশ্বনাথ-ওসমানী নগর সহ দেশের প্রত্যন্ত অন্ছলে প্রতি বছর শীতবস্ত্র,কোরবানীর গোস্তবিতরণ, চিকিৎসা ক্যাম্প,গৃহনির্মাণ, নলকূপস্থাপন , সেলাই মেশিন বিতরণ করেছেন হাজার হাজার পরিবারের মধ্যে। আলহাজ্ব হোসাইন আহমদ জানান, জণগনের কল্যাণ আজীবন কাজ করতে চাই। হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বাধীন সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে ২০ দলীয় জোটের মনোনয়ন চাই। তিনি বলেন, মহান জাতীয় সংসদে নিজ এলাকার মাটি ও মানুষের পক্ষ থেকে কথা বলার সুযোগ পেলে ইনসাফ ভিত্তিক উন্নয়ন ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত আছি-ইনশাআল্লাহ’।



