বিশ্বনাথ বিডি ২৪ || 11 April, 2019, 6:16 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট জেলা পরিষদে একটি অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের নেতাদের তোপের মুখে পড়েছেন সিলেট-২ আসন থেকে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান। অনুষ্ঠানস্থলে তিনি প্রবেশের পরই বিএনপি নেতাকর্মীরা হল থেকে বের হয়ে যান। মোকাব্বির খানকে আমন্ত্রণ করায় আয়োজকদের উপরও ক্ষোভ প্রকাশ করেন তারা। একপর্যায়ে জেলা পরিষদের হলরুমের বাইরে মহিলাদলের নেত্রীরা মারমুখী হয়ে ওঠেন। মোকাব্বিরের উপস্থিতির খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও জেলা পরিষদে আসতে থাকেন। এমতাবস্থায় সংক্ষিপ্ত বক্তব্য রেখেই মোকাব্বির খান দ্রুত জেলা পরিষদ এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
আলী আহমদ জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আইডিয়া নামক একটি বেসরকারি সংস্থা একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। তাকে দেখেই উপস্থিত বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অনুষ্ঠানে মোকাব্বির খানের উপস্থিতির কারণ জানতে চান আয়োজকদের কাছে। একপর্যায়ে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে বের হয়ে আসেন। এসময় হলরুমের বাইরে মহিলা দলের নেত্রীরা মারমুখী হয়ে ওঠলে বিএনপি নেতারা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।
অনুষ্ঠানে অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান অনুষ্ঠানস্থলে আসার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বের হয়ে যান। পরে বক্তব্য দিয়েই মোকাব্বির খান চলে যান।
আয়োজক প্রতিষ্ঠান আইডিয়ার আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ বিক্ষোভের কথা অস্বীকার করে জানান, মোকাব্বির খান অনুষ্ঠানের অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশের পরই বিএনপি নেতারা বের হয়ে গেলেও মোকাব্বির খান বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর তারা পুণরায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এ ব্যাপারে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন-আমাকে নিয়ে কোন সমস্যা হয়নি। আমি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়েছে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সিটি কাউন্সিলর শাহানারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজিসহ অর্ধশতাধিক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



