বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 11:51 AM || খেলাধুলা

এরপর মাহমুদউল্লাহ যখন আম্পায়ারের সাথে এ নিয়ে তর্ক করছিলেন। সেসময় পানীয় নিয়ে মাঠে আসেন বাংলাদেশের একজন অতিরিক্ত খেলোয়াড়। তিনিও লঙ্কান ক্রিকেটারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। শ্রীলঙ্কা দলের একজন তাকে ধাক্কা দেন। এরপরই বাংলাদেশের ড্রেসিংরুম চরমভাবে উত্তেজিত হয়ে ওঠে। অধিনায়ক সাকিব আল হাসান নিচে নেমে আসেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তিনি রিজার্ভ আম্পায়ার লিন্ডন হ্যানিবালের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। নো-বল না দেয়া ও ধাক্কা দেয়ার ঘটনার কারণে সাকিব মাঠ থেকে দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে উঠে আসতে বলেন। পরে দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তাদের ফিরে যেতে বলেন। সাকিবও শান্ত হন। এরপরই ইতিহাস। ৪ বলে প্রয়োজন ছিল ১২ রান। মাহমুদউল্লাহ একটি চার, একটি ডাবল ও এক ছয়ে তিন বলেই প্রয়োজনীয় রান তুলে দলকে জেতান।

জয়ের পর পুরো বাংলাদেশ দলই মাঠে ঢুকে পড়ে এবং এর মধ্যেই বিখ্যাত হয়ে যাওয়া ‘নাগিন’ ড্যান্স দিয়ে জয় উদযাপন করে। এসময় আরেক দফা উত্তেজনা সৃষ্টি হয় দু’দলের খেলোয়াড়দের মধ্যে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে দেখা যায় বাংলাদেশ দলের কারো উদ্দেশ্যে চিৎকার করতে এবং আগ্রাসী ভঙ্গিতে সেই খেলোয়াড়ের দিকে এগিয়ে যেতে। বাংলদেশের কয়েকজন সিনিয়র খেলোয়াড় এবং কোচ কোর্টনি ওয়ালশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। তামিম ইকবাল মেন্ডিসকে শান্ত করে তাকে নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে মাহমুদউল্লাহকে দেখা যায় নুরুল হাসান সোহানকে কিছুটা দূরে নিয়ে গিয়ে শাসন করতে।
পুরস্কার বিতরণী মঞ্চে এসে সাকিব স্বীকার করেন যে নো বলের ঘটনাই তাদের উত্তেজিত করে দিয়েছিল। তাছাড়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় দুঃখও প্রকাশ করেন এই অল রাউন্ডার। তাছাড়া দুই দলের খেলোয়াড়দের বন্ধুত্বের প্রসঙ্গ টেনে বলেন মাঠের ব্যাপার মাঠেই শেষ হওয়ার কথাও।
সূত্র : ক্রিকইনফো।



