বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 12:16 AM || খেলাধুলা
টান টান উত্তেজনাকর ম্যাচে ২ উইকেটে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। নির্ধারিত ওভারে ১ বল হাতে রেখেই মাহমুদউল্লাহর ছক্কায় জয় নিশ্চিত করে টাইগাররা। এর মাধ্যমে টাইগারদের ফাইনাল ম্যাচ নিশ্চিত হয়েছে। ১৮ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
শুক্রবারের ম্যাচের পরতে পরতে রং বদলায়। বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্নও দেখান।
এরপর ১২ রানের ব্যবাধানে সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সৌম্য সরকার আউট হলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলের প্রয়োজনের মুহুর্তে দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি সাকিব অাল হাসানও।
জয়ের জন্য শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ২৩ রান। এমন অবস্থায় দলকে জয় এনে দেয়ার জন্য অনেক চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দেয়া মেহেদী হাসান মিরাজ ফেরেন ১৯তম ওভারের শেষ বলে। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান। এমন কঠিন মুুহুর্তে দলকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬০ রানের টার্গেট ১ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে গেছে লাল-সবুজের জার্সিধারীরা।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলপতি সাকিব। দলীয় ৪১ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে সাত উইকেটে ১৫৯ রানের লড়াকু স্কোর গড়ে লঙ্কানরা। ঘুরে দাঁড়ানো ব্যাটিংয়ে ৯৭ রানের পার্টনারশিপ উপহার দেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।
১৯তম ওভারে থামেন ওয়ানডাউনে নামা কুশল পেরেরা। তার ৪০ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। শেষ ওভারে ফেরেন থিসারা পেরেরা। ঝড়ো ব্যাটিংয়ে ৩টি করে চার-ছক্কার সাহায্যে করেন ৩৭ বলে ৫৮।
ওপেনার দানুস্কা গুনাথিলাকা ৪, কুশল মেন্ডিস ১১, উপুল থারাঙ্গা ৫ (রানআউট), দাসুন শানাকা (০), জীবন মেন্ডিস (৩) রানে সাজঘরের পথ ধরেন। ইসুরু উদানা ৭ ও আকিলা ধনাঞ্জয়া ১ রানে অপরাজিত থাকেন।
ইনজুরি কাটিয়ে প্রায় দু’মাস পর দলে ফেরা সাকিব ২ ওভারে ৯ রানের বিনিময়ে একটি উইকেট নেন। চার ওভারে ৩৯ রান খরচায় দু’টি উইকেট লাভ করেন মোস্তাফিজুর রহমান। একটি করে পান রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকায় বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামকে বোলিংয়েই আনেননি সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় রেকর্ড ২১৫ চেজ করে জয় তুলে নেয় টিম বাংলাদেশ। ৩৫ বলে ৭২ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন মুশফিকুর রহিম।



