বিশ্বনাথ বিডি ২৪ || 14 February, 2018, 11:54 AM || খেলাধুলা
গ্রীষ্মকালীন দলবদলেই ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। এরপর থেকেই ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। কেউ কেউ বলছে, সাবেক বার্সেলোনার এই তারকা ফুটবলারের সঙ্গে নাকি গোপন চুক্তিও সম্পন্ন করে ফেলেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি!
তবে নেইমারের রিয়াল-যাত্রায় বড় একটি ধাক্কা খেতে পারে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় এর মন্তব্যে। কেননা মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন যে, নেইমারকে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখতে চান না।
স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়ানো রাহয় বলেন, ‘সাদা জার্সিতে আমি নেইমারকে দেখতে চাই না। আমি কিলিয়ান এমবাপ্পের ব্যাপারে জানি না। তবে, বেল, বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যাপারে খুব ভালো জানি। তারা দুর্দান্ত। অথচ, কয়েক মাসের মধ্যেই মানুষ তাদের সক্ষমতা নিয়ে সন্দেহ করছে। যদিওবা তাদের প্রতি আমার বিশ্বাস আছে।’
গত বছরে পাঁচটি শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এই বছরে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তা ইতোমধ্যেই সুস্পষ্ট। কেননা রিয়াল মাদ্রিদ এবার স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করে ফেলেছে। বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও। তাই লস ব্ল্যাঙ্কোসদের ভরসা এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগ!
ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শিরোপা কি পারবে এবার নিজেদের করে রাখতে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে সেই পথে রিয়ালের বড় বাঁধা নেইমারের ক্লাব পিএসজিই। আজ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই জায়ান্ট ক্লাব।
এই ম্যাচের আগে স্পেনের প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছেন। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের সমর্থক মারিয়ানো রাহয় বলেন, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে, আপনি ভাবতে পারেন তারা আমাদের হারিয়ে দেবে। কিন্তু, এই ধরনের ম্যাচগুলোতে যে কোনও কিছুই হতে পারে। আমরা এটা ভুলে যেতে পারি না যে, এটা মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগ তাদের প্রতিযোগিতা। এটা এমন একটি দল যারা চ্যাম্পিয়ন্স লিগে গত চার শিরোপার তিনটিই জিতেছে। আমি মনে করি, পিএসজিকেও হারিয়ে দিতে পারব আমরা।’
সূত্র : মেইল অনলাইন



