বিস্তারিত
  • সিলেট এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 December, 2018, 11:42 AM || সিলেট


    সিলেট এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানে সিলেট আসেন।

    বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।  তিনি বলেন, প্রথমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন।

    সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে নগরের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

    প্রশাসন ও দলীয় সূত্র জানায়, টানা ছয় ঘণ্টার এই সফরে সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ, নামাজ আদায় শেষে বেলা আড়াইটা থেকে ৩ টার মধ্যে আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে যাবেন।

    ওই জনসভা মঞ্চে পরিচয় করিয়ে দেয়ার কথা এবারের নির্বাচনে সিলেট বিভাগের সকল নৌকা প্রতীকের কাণ্ডারীদের।

    জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময়ের করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

    তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এবার সিলেট সফরে আসছেন সম্পূর্ণ আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। নির্বাচনী আচরণবিধি মেনে সরকারি কোন রকমের সুযোগ-সুবিধা নেয়া হচ্ছে না।

    পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে আলীয়া মাঠের চারদিক। নগরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। পয়েন্টে পয়েন্টে চলছে সন্দেহভাজনদের তল্লাশী। দলীয় প্রধানের জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ।

    দলীয় সূত্র জানায়, বরাবরের মত বড় করা হচ্ছেনা নির্বাচন কমিশনের আচরণবিধির কারণে। ৮০ ফুট মঞ্চের পরিকল্পনা হলেও পরে তা করা হয়েছে ২০ ফুটের। আচরণবিধির কারণে দলীয় প্রধানের সফরে তৈরি করা হচ্ছেনা কোন তোরণও। জনসভার মাঠ ও মঞ্চের নিরাপত্তায় একাধিক গোয়েন্দা সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে। নজরদারিতে রাখা হয়েছে মাঠের আশপাশের আবাসিক বাসিন্দা ও ব্যবসায়ীদের।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ