বিশ্বনাথ বিডি ২৪ || 27 November, 2018, 6:38 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেটে ফিরেছেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা সেখানে তাঁকে সংবর্ধনা দেন।
পরে ড. মোমেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার এবং শেষে রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে জিয়ারতে যান। তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে দলীয় প্রতীক নৌকা উপহার দেন।
তাঁর আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের সহস্রাধিক নেতাকর্মী জড়ো হন। ড. মোমেন বিমানের ফ্লাইটে বেলা আড়াইটায় সেখানে পৌঁছান। নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
মাজার জিয়ারত শেষে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস জনগণ অব্যশই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে।’
তিনি আরো বলেন, ‘আমরা যদি নির্বাচিত হই তাহলে একটি উন্নত, আধুনিক ও একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলবো। যা হবে সত্যিকারের সোনার বাংলা। এখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা জগদীশ দাশ, ডা. আরমান আহমদ শিপলু, আব্দুর রহমান জামিল, তপন মিত্র, জুবের খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, শামসুল ইসলাম টুনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মাসুম বিল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনূর, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান, সাবেক কাউন্সিলর চন্দন রায়, পরিবারের সদস্যদের মধ্যে ড. মোমেনের বড়বোন জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, বড় ভাই এসএ মুয়িজ সুজন এবং আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।



