বিশ্বনাথ বিডি ২৪ || 23 April, 2018, 5:12 PM || খেলাধুলা
বিশ্বকাপের আর দুই মাসও নেই। কিন্তু নেইমার এখনও মাঠের বাইরে। ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা তো হবেই। তবে বিশ্বকাপ যতো ঘনিয়ে আসছে, ব্রাজিল সমর্থকদের ততোই সুসংবাদ শুনিয়ে যাচ্ছেন নেইমার। পিএসজির পক্ষ থেকে জানানো হচ্ছে, অল্প দিনের মধ্যেই ফিরবেন নেইমার। ব্রাজিল সুপারস্টার কদিন আগে নিজেও জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে ফিরবেন তিনি। কাল আরও একটা সুসংবাদ দিলেন নেইমার।
গতকাল নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন পিএসজি তারকা। যাতে দেখা যাচ্ছে পায়ের ইনজুরির অনেকটা উন্নতি হয়েছে নেইমারের। ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন। কারো সাহায্য লাগছে না। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না।’
ক্র্যাচ ছাড়া হাঁটতে পারার মানে পুনর্বাসন ঠিকভাবেই এগোচ্ছে নেইমারের। মাঠে ফিরতে হয়তো আর খুব বেশি দিন লাগবে না ব্রাজিল তারকার।
গত ফেব্রুয়ারির ২২ তারিখে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে পায়ের পাতার হাঁড় ভেঙেছিলেন নেইমার। পরে অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের পর জানানো হয়, মাঠে ফিরতে মাস তিনেক সময় লাগবে ২৬ বছর বয়সী তারকার। চিকিৎসকরা বলেছিলেন, বিশ্বকাপের আগেই পুরো সুস্থ হয়ে উঠবেন নেইমার।



