বিশ্বনাথ বিডি ২৪ || 20 April, 2026, 7:16 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। সোমবার সকালে তিনি তার জন্মভূমি সিলেটের বিশ্বনাথে পা রাখলে তাকে দেয়া হয় বর্ণাঢ্য সংবর্ধনা।
বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে বিশ্বনাথে বরণ করে নেয়া হয়। তিনি ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের এক সময়কার সাধারণ সম্পাদক। শোভাযাত্রাটি বিশ্বনাথে আজ ছিল টক অব দ্যা টাউন। তার শোভাযাত্রা ও পথসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে। দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ রশিদপুর পয়েন্টে তাকে স্বাগত জানান। পরে সেখানে ফুলেল সংবর্ধনা শেষে শতাধিক মোটরসাইকেলের বহরে তাকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জসিম উদ্দিন সেলিম।

বক্তব্যে তিনি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে বিশ্বনাথ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ দূষণ মুক্ত এবং একটি আধুনিক, বাসযোগ্য মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করবেন।
এ সময় তিনি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তার সফরসঙ্গী হয়ে দেশে এসেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া।



