বিস্তারিত
  • বিশ্বনাথে ব্যবসায়ীর ৭ লাখ টাকা চুরি, থানায় অভিযোগ


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 July, 2026, 3:03 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীর বসতঘর থেকে ৭ লাখ ১৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজারের ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলকু (৫৫) ব্যবসা করে জমানো ৭ লাখ ১৭ হাজার টাকা ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ব্যাংক থেকে তুলে একটি শপিং ব্যাগে রেখে নিজ শয়নকক্ষের পালঙ্কের সাইড বক্সে সংরক্ষণ করেছিলেন।

    গত রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই গ্রামের আলকাছ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫) ঘরের জানালা দিয়ে হাত ঢুকিয়ে কৌশলে টাকাভর্তি ব্যাগটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শব্দ পেয়ে খলিলুর রহমানের ছেলে সেখানে গিয়ে বিষয়টি দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তবে এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    পরে মুঠোফোনে খবর পেয়ে খলিলুর রহমান বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    খলিলুর রহমান বলেন, “আমার বড় ছেলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক কষ্ট করে তার পড়াশোনার খরচের জন্য টাকাগুলো জমিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের অফার লেটারও এসেছে। টাকা জমা দেওয়ার আগেই সব চুরি হয়ে গেল।”

    এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ