বিশ্বনাথ বিডি ২৪ || 30 December, 2019, 5:27 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:-সিলেটের বিশ্বনাথ উপজেলায় মিনি ফুটবল আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বিবেচনা করে এবং ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলায় ‘মিনি ফুটবল’ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থা। ২৯ ডিসেম্বর থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিনি ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞা জারি থাকবে।
রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা ক্রীড়া সংস্থার সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তটি গ্রহন করা হয়। এসময় নিরাপত্তার স্বার্থে উপজেলা ক্রীড়া সংস্থার অনুমতি ছাড়া আট ইউনিয়নের কোথাও কেউ কোন ধরণের টুর্ণামেন্টের আয়োজন করতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলতি মৌসুমে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আবদুল্লাহ-আল জুবায়ের, ডাঃ আরাফাত হোসেন, অধ্যক্ষ নেহারুন নেছা, আলতাব হোসেন, সাহিদুর রহমান সাহিদ, সিতার মিয়া, ফখরুল আহমদ প্রমুখ।



