বিস্তারিত
  • খাল পুনঃখনন শুরু করলেন এমপি লুনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 February, 2026, 12:00 AM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিখোঁজ বিএনপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বাড়ানোর কোনও বিকল্প নেই। আর সেই লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট ও দখল হয়েছে, পানির প্রবাহ বন্ধ হয়েছে। ফলে, কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ, খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।’

    ধানের শীষ প্রতীকে নির্বাচিত লুনা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।’

    জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রত্যেকটি উন্নয়ন জনগণের। তাই, উন্নয়নের কাজকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতাই পারে একটি অঞ্চলকে বদলে দিতে।’

    স্বামীর কর্মজীবনের কথা স্মরণ করে লুনা বলেন, ‘আপনারা ইলিয়াস আলীকে ভোট দিয়ে উন্নয়নের সুফল পেয়েছিলেন। ইনশাআল্লাহ, এবারও ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।’

    বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি সেচ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে এতে বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রনজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বক্তব্য রাখেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ